অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিচারিক আদালতে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।
আপিলের শুনানি নিয়ে হাইকোর্ট হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখে রায় ঘোষণা করেন হাইকোর্ট।
রায়ের ওই অংশের (তিন বছরের সাজা থেকে খালাসের) বিরুদ্ধে আপিল আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল করা হয়েছে বলে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
এ রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, আত্মসমর্পণ করতে বলার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো তা করেননি হাজী সেলিম।
তার উচিৎ ছিল এটা দ্রুত করা।
তবে তাকে তিন বছরের যে সাজা সেটা থেকে খালাস দেওয়া হয়েছে, সেটার সঠিক হয়নি বলেই এ আপিল করা হয়েছে।
এই আপিলের বিষয়ে শুনানির জন্য চেম্বার জজ আদালতে উপস্থাপন করা হবে বলেও জানান দুদকের এই আইনজীবী।