আমাদের তরুণ সমাজ আগামীর দৃশ্যপট বদলে দিয়ে এ উপমহাদেশের জন্য সোনালি ভবিষ্যৎ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
রবিবার সন্ধ্যায় রাজধানীতে ভারতীয় হাইকমিশনে ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন ২০২২’ এর প্রক্রিয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সভাপতিত্বে উপহাইকমিশনার বিনয় জর্জ, আগের বছরগুলোতে ভারত সফরকারী তরুণদলের আমন্ত্রিত সদস্য এবং মিশনের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা উল্লেখ করে হাছান বলেন, মহান মুক্তিযুদ্ধে এদেশের এক কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে ভারতীয় সেনারা প্রাণ দিয়েছিল, যা কখনো ভুলবার নয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে চলেছেন।
তরুণদলের সদস্য হয়ে ভারত ভ্রমণে অনেক কিছু জানার ও শেখার আছে, বলেন তিনি।