আজ (বুধবার) ‘আজাদি মার্চে’র প্রস্তুতি নিয়েছে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ।
এর মধ্যেই জানা গেছে যে, সরকার ইমরান খানকে আটকের পরিকল্পনা করছে। জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সবার নজর আজ রাজধানী ইসলামাবাদের দিকেই।
কারণ আজ পিটিআই রাজধানীর অভিমুখে যাত্রা করার জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও ফেডারেল সরকার পিটিআইকে কোনো ধরনের সমাবেশের অনুমতি দেয়নি। কিন্তু তারপরেও তারা পেশোয়ার থেকে লং মাচ শুরুর প্রস্তুতি নিচ্ছে। এই লং মার্চেই দলের চেয়ারম্যান ইমরান খান এবং তার সহযোগীদের আটক করার পরিকল্পনা করছে সরকার।
এদিকে এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইমরান বড় ধরনের যে সমাবেশের ঘোষণা দিয়েছেন তা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে।
মূলত তার দল যেন সমাবেশ করতে না পারেন সেজন্যই ইমরান খান এবং তার দলের অন্যান্যদের আটকের পরিকল্পনা করা হচ্ছে।