বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম ইতিহাসের পাতায় একজন খুনি এবং বিশ্বাসঘাতক হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে রাজধানী শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন ও শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও সম্মাননা ২০২২’ অনুষ্ঠান হয়।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশে দুর্নীতি ও লুটপাটের অর্থনীতি চালু করেছিলেন। আর জিয়াউর রহমান ছিলেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব। শুধু তাই নয়, জিয়াউর রহমান নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য সেনাবাহিনীর হাজার হাজার অফিসার ও জওয়ানকে হত্যা করেছেন।
তাই জিয়াউর রহমান ইতিহাসের পাতায় একজন খুনি এবং বিশ্বাসঘাতক হিসেবেই থাকবেন।
কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে এজন্য বিএনপি জিয়া হত্যার বিচার করেননি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, গতকাল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল, কিন্তু লক্ষ্য করবেন বিএনপি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেনি।
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএনপি ক্ষমতায় ছিল এরপর খালেদা জিয়ার নেতৃত্বেও দুই দফা ক্ষমতায় ছিল, কিন্তু হত্যাকাণ্ডের বিচার করেনি।