পাত্র-পাত্রী পছন্দ না হওয়া কিংবা যৌতুক লেনদেনে বনিবনা না হওয়ায় বিয়ে ভেঙে গেছে, এমন খবর তো অহরহই শোনা যায়।
কিন্তু ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে গেছে, এমন খবর শুনেছেন আগে? উত্তর ‘না’ হলে এবার শুনুন।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন স্বয়ং কনে। পাত্রপক্ষ ফটোগ্রাফার সঙ্গে না আনায় বিয়ের আসর ছেড়ে পাশের বাড়ি চলে যান ওই তরুণী।
সেখান থেকে কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, গত সপ্তাহে কানপুরের দেহাত জেলায় মঙ্গলপুর থানার অন্তর্গত একটি গ্রামের এক মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল ভোগনিপুরের এক যুবকের।
সামর্থ্যের সবটুকু দিয়ে সুন্দরভাবে ছাদনাতলা সাজিয়ে দিয়েছিলেন কনের কৃষক পিতা। বর এবং বরযাত্রীদের আপ্যায়নের সব ব্যবস্থাও করা হয়েছিল। এককথায়, চার হাত এক হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা।
কিন্তু ছাদনাতলায় বর-কনে হাজির হওয়ার পরেও মালাবদল হলো না, বরং বিয়ের আসর ছেড়েই চলে গেলেন কনে।