জ্বালানির মতো আবশ্যক পণ্যগুলোর আমদানি ব্যয় মেটানোর জন্য পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) মার্কিন ডলার জোগাড় করতে মরিয়া তৎপরতা চালাচ্ছে শ্রীলঙ্কা। পাশাপাশি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আরও ১০০ কোটি ডলার চায় দেশটি। বৃহস্পতিবার (২ জুন) লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।
প্রায় সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশীয় দ্বীপরাষ্ট্রটি। কমতে কমতে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তার ফলে খাদ্য, জ্বালানি, ওষুধ, সারের মতো প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না লঙ্কান সরকার। গত এপ্রিলে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে মাত্র ১৮১ কোটি ডলারে।
গত মাসে ক্ষমতায় বসা শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এরই মধ্যে সরকারের আয় বাড়াতে ট্যাক্সের হার বাড়িয়েছেন।
আসন্ন অন্তর্বর্তী বাজেটে কঠোরভাবে ব্যয় কমানোরও পরিকল্পনা রয়েছে তার।
এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তা প্যাকেজের জন্যেও আলোচনা চালিয়ে যাচ্ছে লঙ্কান সরকার। আলোচনা সফল হলে সংস্থাটির কাছ থেকে অন্তত ৩০০ কোটি ডলার ঋণ পেতে পারে শ্রীলঙ্কা।