নিয়মের মধ্যে পড়লে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারী বিএনপিসহ সব রাজনৈতিক দলকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
খালেদা জিয়াকে দাওয়াত দেওয়া হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন হিসেবে দাওয়াত পাওয়ার কথা। তবে আমরা নিয়ম মেনে (দাওয়াত) দেবো। নিয়মের মধ্যে পড়লে অবশ্যই দেবো। এখন উনি তো সাজাপ্রাপ্ত।
তিনি বলেন, বিএনপি একটা বড় দল। তারা নির্বাচনে আসুক আমরাও চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।