রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন আক্রমণের ঘটনায় বাড়তি নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আরো দুই ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। রাশিয়ার মিত্র বেলারুশেরও একটি ব্যাংকের সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
গত মে মাসে জাপানের প্রধানমন্ত্রীসহ দেশটির মোট ৬৩ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মস্কো। তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ছাড়াও কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষাবিদদের নাম রয়েছে।
মস্কোর দাবি, রাশিয়ার বিরুদ্ধে ‘অগ্রহণযোগ্য বক্তব্য’ দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের অনির্দিষ্টকালের জন্য রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনে বেসামরিক নাগরিকদের হত্যা ও পারমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে মস্কো। রাশিয়ার এসব কর্মকাণ্ড ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।