নওগাঁর রাণীনগরে একটি ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হযরত আলী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরের পূর্ব বালুভরা গ্রামে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
নিহত যুবক হয়রত আলী উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের জমসেদ আলীর ছেলে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানিয়েছেন, পারিবারিক দ্বন্দের জেরে যুবক হযরত আলী নিজের বাড়িতে থাকেন না। পার্শ্ববর্তী বন্ধু নাহিদের বাড়িতে থাকেন।
গত ৩ জুন থেকে হযরত নিখোঁজ এমন খবর নিয়ে হয়রতের বাবা জমসেদ আলী বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টার দিকে থানায় হাজির হন।
তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তকালে হয়রতের বন্ধু যুবক নাহিদকে আটক করে।
তার দেওয়া তথ্যমতে নাহিদের বাড়ির একটি ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হযরতের মরদেহ উদ্ধার করা হয়।