রাজধানীর বাজারে অস্বাভাবিক হারে বেড়েছে গাজর ও শসার দাম।
এক কেজি গাজর কিনতে ক্রেতাদের ১৮০ টাকা গুনতে হচ্ছে।
আর শসার জন্য কেজিপ্রতি দিতে হচ্ছে ৮০ টাকা।
এতে সপ্তাহের ব্যবধানে গাজরের দাম কেজিতে ২০ টাকা এবং শসার দাম ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
গাজর ও শসার দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম।
সেই সঙ্গে মাছ ও মুরগির দামও অপরিবর্তিত রয়েছে।
তবে কিছুটা কমেছে আমদানি করা রসুন ও ফার্মের মুরগির ডিমের দাম। আর পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি দামে বিক্রি করছেন গাজর।
এক কেজি গাজর বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।
আর দুই সপ্তাহ আগে ছিল ১৪০-১৫০ টাকা।
অবশ্য মাস দেড়েক আগে গাজরের কেজি ৫০ টাকায় বিক্রি হয়েছে।