বাংলাদেশ রেলওয়েতে ১৯১টি মিটারগেজ ও ৯২টি ব্রডগেজ লোকোমোটিভ (রেল ইঞ্জিন) রয়েছে।
মেকানিক্যাল কোড অনুযায়ী, অর্থনৈতিক আয়ুষ্কাল উত্তীর্ণ হয়েছে ১৮৩টির। এর মধ্যে ১৪০টি মিটারগেজ ও ৪৩টি ব্রডগেজ ইঞ্জিন।
এসব রেল ইঞ্জিন মেরামতের উদ্যোগ নেওয়া হয় ২০১৯ সালে।
তিন বছর হয়ে গেলেও এখনো আলোর মুখ দেখেনি সেই প্রকল্প।
উল্টো কাজ অসমাপ্ত রেখেই প্রকল্প শেষের পথে।
একই সঙ্গে পুরোপুরি অকেজো হওয়ার পথে ইঞ্জিনগুলো।
বাংলাদেশে ১৯১টি এমজি রেল ইঞ্জিনের মধ্যে এমইএল-১৫ (২৭০০ সিরিজ) শ্রেণির ২১টি ইঞ্জিন ট্রেন চলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই ইঞ্জিনগুলো প্রধানত চলতো মেইন লাইনে।
রেলওয়ে সূত্র জানায়, ২১টি রেল ইঞ্জিন মেরামত নিয়ে দুই ধরনের মত দেখা গেছে কর্মকর্তাদের মধ্যে।
একটি পক্ষ চায় প্রকল্পের আওতায় টেন্ডারের মাধ্যমে মেরামত করতে।
অন্য পক্ষ চায় দেশীয় কারখানায় মেরামত করতে। তবে দেশীয় কারখানায় জনবল সংকট। বর্তমানে যে জনবল রয়েছে তা দিয়ে সৈয়দপুর ওয়ার্কশপে হয়তো বছরে তিনটি ইঞ্জিন মেরামত সম্ভব। ফলে বাকি ইঞ্জিনগুলো দীর্ঘদিন পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হতে পারে।