স্পাইস জেটের ঢাকা থেকে কলকাতাগামী একটি বিমান অবতরণের সময় একটি ঘুড়ি বিমানের সামনে উড়ে আসে। এসময় পাইলট দক্ষতার সঙ্গে সেটি এড়িয়ে যান। এতে করে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এসজি ০৭৭ ফ্লাইটের যাত্রীরা।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কলকাতা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কলকাতা বিমানবন্দর সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, গতকাল বিকেলে ঢাকাথেকে কলকাতাগামী স্পাইস জেটের এসজি ০৭৭ ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় এই বিপত্তির মুখে পড়ে।
জানা গেছে, বিটি কলেজ এলাকা থেকে বেশকিছু ঘুড়ি উড়ছে, সেই কথা জানিয়ে এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। এরইমধ্যে হঠাৎ করে একটি ঘুড়ি বিমানের সামনে উড়ে আসে। যদিও পাইলট দক্ষতার সঙ্গে ফ্লাইটটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করান।
বিমানবন্দর সূত্র জানায়, ডব্লিউটি ১৩ অর্থাৎ যেখান থেকে বিমান ওঠানামা করে, সেখানে সম্পূর্ণরূপে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ। তারপরও কেন বিটি কলেজ চত্বরের ওই এলাকায় ঘুড়ি ওড়ানো হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পাইলট লকবুকে বিষয়টি উল্লেখ করে বিমানবন্দরের অপারেশন কন্ট্রোল সেন্টারে লিখিত অভিযোগ করেছেন।
কয়েকদিন আগে ৯৮ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে যায় ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমানের চাকা। ভারতের আসামের যোরহাট বিমানবন্দরে ঘটে এ ঘটনা। কলকাতাগামী বিমানটির চাকা পিছলে রানওয়ের পাশের জমির কাদায় গেঁথে যায়। তবে যাত্রীদের কারও কোনো ক্ষতি হয়নি।