মাঝ আকাশে বিমানের দেওয়াল ফুঁড়ে ঢুকল গুলি! মায়ানমারে আহত যাত্রী

তিন হাজার ফুটেরও বেশি  উঁচু দিয়ে উড়ে যাওয়া যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে নীচ থেকে গুলি চালানোর অভিযোগ উঠল। আর সেই গুলি বিমানের গা ফুঁড়ে দিয়ে  গিয়ে লাগল সরাসরি যাত্রীর গায়ে! অবিশ্বাস্য এমনই ঘটনা ঘটেছে মায়ানমারে।

সংবাদ সংস্থা মায়ানমার নাও সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে মায়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স-এর একটি বিমানে ওই ঘটনাটি ঘটে। বিমানে ৬৩ জন যাত্রী ছিলেন। বিমানটি যাচ্ছিল লাইকভে। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই বিমানের মধ্যে আচমকাই গুলি ছুটে আসে। আর তাতেই গুলিবিদ্ধ হন এক যাত্রী। গুলিটি তাঁর মুখের ডানদিকে লাগে। এই ঘটনার পরই বিমানটিকে জরুরি অবতরণ করান হয়। লাইকভে অনির্দিষ্টকালের জন্য বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মায়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স।

অবতরণের পরেই আহত ২৭ বছরের বিমান যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে বিমানবন্দরের লাগোয়া এলাকায় তল্লাশি চালিয়েছে মায়নমার সেনা। বিমানবন্দরের নিরাপত্তাও অনেকচাই বাড়ানো হয়েছে।
কিন্তু প্রশ্ন উঠছে, কী ভাবে সাড়ে তিন হাজার ফুট উঁচুতে বিমানে গায়ে গুলি লাগল? আর কারা এই গুলি চালিয়েছিল?

মায়ানমার সরকার এই ঘটনার জন্য বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। কায়া রাজ্য থেকে এই গুলি চালানো হয়েছে বলে সরকারের অভিযোগ। মায়ানমারের দুটি গোষ্ঠীর দিকে ওই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে। কিন্তু এই অভিযোগকে খারিজ করে দিয়েছে তার মধ্যে একটি বিদ্রোহী গোষ্ঠী কেএনপিপি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.