ভিক্টোরিয়া হ্রদে যাত্রীবাহী বিমানের পাইলটকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিলেন জেলে

তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে উড়োজাহাজ দুর্ঘটনায় গত রোববার ১৯ জন নিহত হয়। ওই সময় হতাহতদের উদ্ধারে প্রথমে এগিয়ে আসেন স্থানীয় জেলেরা। এর মধ্যে একজন ককপিট থেকে পাইলটকে বাঁচাতে গিয়ে প্রায় মরতে বসেছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই জেলে বিবিসিকে সে ঘটনার বিস্তারিত জানান।

মাজালিওয়া জ্যাকসন নামের ওই ব্যক্তিকে সাহসিকতার জন্য ১০ লাখ তানজানিয়ান শিলিং বা ৪৩০ ডলার পুরস্কার দেয়া হচ্ছে। ফায়ার অ্যান্ড রেসকিউ ব্রিগেডে চাকরির প্রস্তাবও পেয়েছেন তিনি।

জ্যাকসন জানান, হ্রদে ডুবে যাওয়ার আগে যাত্রীবাহী বিমানটিকে ভুল দিকে আসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন জেলেরা।

উড়োজাহাজটি পানিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে জ্যাকসন ও তার তিন সহকর্মী ছুটে যান। পেছনের দরজা ভেঙে তারা সেখানে থাকা যাত্রীদের উদ্ধার করতে সাহায্য করেন।

জ্যাকসন বলেন, এরপর তিনি সামনের দিকে চলে যান এবং পানিতে ডুব দেন। ককপিটের জানালা দিয়ে ইশারায় পাইলটের সঙ্গে যোগাযোগ করেন।

এ সময় পাইলট তাকে জানালার কাঁচ ভাঙার ইঙ্গিত দেন। ততক্ষণে উদ্ধারে চলে এসেছে এয়ারপোর্টের নিরাপত্তা বাহিনী। জ্যাকসন তাদের কাছে কাঁচ ভাঙার কোনো সরঞ্জাম আছে কিনা জানতে চান।

এ প্রসঙ্গে বলেন, তারা আমাকে একটি কুঠার দিয়েছিল। তবে এয়ারপোর্ট কর্মীদের একজন নিচে গিয়ে কাঁচ ভাঙতে বাধা দেয়। জানান, এর মধ্যে পাইলটদের সঙ্গে তারা যোগাযোগ করছে এবং ককপিটে কোন ফুটো হয়নি। আপাতত পানি ঢোকার আশঙ্কা নেই।

তখন পানিতে ডুব দিয়ে জ্যাকসন পাইলটকে বিদায় জানান। কিন্তু আতঙ্কিত পাইলট ইশারায় জানান, তিনি এখনই উদ্ধার হতে চান।

জ্যাকসন বলেন, তিনি আমাকে ককপিটের জরুরি দরজা দেখিয়ে দেন। আমি সাঁতরে ওঠে একটি দড়ি দরজার সঙ্গে বাঁধি এবং আমরা নৌকা দিয়ে টেনে নেয়ার চেষ্টা করি। কিন্তু দড়ি ছিড়ে আমার মুখে আঘাত করে এবং অজ্ঞান হয়ে যাই। পরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি।

তবে তানজানিয়ার বৃহত্তম বেসরকারী এয়ারলাইন প্রিসিসন এয়ারের ওই দুর্ঘটনায় শেষ পর্যন্ত দুই পাইলটকে বাঁচানো যায়নি।

ওই দুর্ঘটনায় ৪৩ জন যাত্রী ও ফ্লাইট কর্মীদের জন্য ২৪ জন বেঁচে আছেন। গত সোমবার স্থানীয় বুকোবা ফুটবল স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১৯ জনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া। তিনি বিস্তারিত তদন্তের ঘোষণা দেন ওই সময়।

গত রোববার ফ্লাইটটি বাণিজ্যিক রাজধানী দার এস সালাম থেকে উড্ডয়ন করে। পরে বুকোবা বিমানবন্দরের কাছে ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.