অতিরিক্ত ১০ হাজার হজযাত্রীর কোটা পাওয়ার সম্ভাবনা

first-hajj-flightএ বছরও শেষ মুহূর্তে অতিরিক্ত ১০ হাজার হজযাত্রীর কোটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে সৌদি হজ মন্ত্রণালয় ইতোমধ্যেই বাংলাদেশকে সবুজসঙ্কেত দিয়েছে। বাংলাদেশ ১০ হাজার কোটার জন্য আবেদনও করে রেখেছে। কিন্তু সরকারি ব্যবস্থাপনার নির্ধারিত কোটার আরো কিছু কোটায় এখনো হজযাত্রী নিবন্ধিত না হওয়া এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘনিষ্ঠভাবে যোগাযোগ না করার কারণে এখনো সেই কোটার অনুমোদন দেয়া হচ্ছে না বলে জানা গেছে। অতিরিক্ত কোটা আদায়ে ধর্ম মন্ত্রণালয়েই পক্ষে-বিপক্ষে দু’টি ধারা এবং হাব ও অন্যান্য কিছু এজেন্সির মধ্যে মতভিন্নতা রয়েছে বলেও জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান কোটা আদায়ের পক্ষে অবস্থান নিলেও ধর্ম মন্ত্রণালয় ও মক্কা হজ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শেষ মুহূর্তে এ ধরনের কোটা পেলে বাড়তি ঝামেলা পোহাতে হবে আশঙ্কায় কোটা আদায়ের বিপক্ষে। গত বছরের অভিজ্ঞতায় হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (হাব) ভেতরে ভেতের কোটা আদায়ের বিপক্ষে। তবে বিভিন্ন ব্যানারে কিছু হজ এজেন্সির দাবির মুখে এখন হাব নেতারাও দৃশ্যত কোটা আদায়ের পক্ষে থাকার কথা বলছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ বছর বিশ্বের অনেক দেশ থেকে হজযাত্রী কম আসার কারণে সৌদি সরকার যেসব দেশ অতিরিক্ত কোটার জন্য আবেদন করছে সেসব দেশকে কোটা দিচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন এজেন্সি মালিকেরা যোগাযোগ করলে বাংলাদেশকেও কোটা দেয়া হবে মর্মে জানিয়েছে সৌদি মোয়াসসাসা অফিস। বাংলাদেশ অনেক আগেই অতিরিক্ত ১০ হাজার হজযাত্রীর কোটার জন্য আবেদন করে রেখেছে। এখন ইতঃপূর্বে দেয়া বাংলাদেশকে এক লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা পূর্ণ করার পর বাংলাদেশ আগ্রহ দেখালে সৌদি সরকার বাংলাদেশকে অতিরিক্ত ১০ হাজার কোটার অনুমোদন দেবে মর্মে সবুজসঙ্কেত দিয়েছে। কিন্তু নির্ধারিত কোটার কিছু এখনো নিবন্ধনের বাকি রয়ে গেছে। তা ছাড়া সৌদি আরবে বাংলাদেশের পক্ষ থেকে কোটা আদায়ে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করা হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

ধর্ম মন্ত্রণালয় ও হাবের যারা কোটা আদায়ে আগ্রহী নয় তাদের যুক্তি হচ্ছে, গত বছর শেষ মুহূর্তে অতিরিক্ত ৫ হাজারের কোটা পাওয়ার পর তাদের পাঠানো নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হাবকে গলদঘর্ম হতে হয়েছে। তা ছাড়া হজযাত্রীদের পাহাড়ে নি¤œমানের বাড়িতে রাখায় হজযাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। এ বছরও একত্রে ১০ হাজারের কোটা পেলে শেষ সময়ে এই হজযাত্রীদের ভিসা প্রসেস করে পরিবহন ও বাড়ি ভাড়া নিয়ে নানা সমস্যায় পড়তে হতে পারে।

তবে যারা কোটার পক্ষে অবস্থান নিয়েছেন তাদের যুক্তি হচ্ছে, বাংলাদেশে এ বছর যেহেতু কোটার অতিরিক্ত ৪০ হাজার হজযাত্রী হয়ে গেছে সেহেতু এ বছর তা থেকে ১০ হাজার অতিরিক্ত কোটায় পাঠানো গেলে পরবর্তী বছরের কোটার চাপ কমবে এবং নতুনভাবে অনেকে হজে যাওয়ার সুযোগ পাবেন। তা ছাড়া সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছভাবে কাজ করলে শেষ সময়ে অতিরিক্ত হজযাত্রীদের পাঠানো নিয়ে কোনো সমস্যা হবে না।

হাবের সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদার এ ব্যাপারে বলেন, হাব কোটা আদায়ের পক্ষে। যদিও শেষ সময়ে এই হজযাত্রীদের পাঠানোর বিষয়টি কষ্ঠসাধ্য ব্যাপার। তার মতে, এ বছর অতিরিক্ত কোটার ১০ হাজার পাঠাতে পারলে পরের বছরের কোটার ওপর চাপ কমবে।

জানতে চাইলে ভারপ্রাপ্ত ধর্মসচিব আব্দুল জলিল বলেন, অতিরিক্ত ১০ হাজারের কোটার জন্যতো ডিও লেটার দেয়া আছে। তারপর রিমাইন্ডারও দেয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত অনুমোদন পাওয়া যায়নি। অতিরিক্ত কোটা পাওয়ার আশা করেন কি না জানতে চাইলে তিনি বলেন, এটা বলতে পারব না।

এ দিকে আগামী ২৮ আগস্টের মধ্যে ভিসার জন্য সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করে নোটিশ দিয়েছে আশকোনা হজ অফিস। গতকাল পর্যন্ত ৮৪ হাজার হজযাত্রীর ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস। তার মধ্যে গতকাল পর্যন্ত প্রায় ৪৮ হাজার হজযাত্রী সৌদি আরব গেছেন। এ দিকে হজযাত্রীর অভাবে রোববার পর্যন্ত ১৮টি হজ ফাইট বাতিল হয়েছে। আগামী ২৪ আগস্ট পর্যন্ত বিমানের কয়েকটি ফাইটের উল্লেখযোগ্যসংখ্যক আসন খালি রয়েছে মর্মে গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েব সাইটে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.