ট্রাকে চড়ে ঐতিহাসিক বিমানের যাত্রা

তিনটি ট্রাকে চড়ে পশ্চিমবঙ্গ থেকে পাশের রাজ্য ওডিশা গেল পরিত্যক্ত এক সেকেলে ডাকোটা (ডিসি থ্রি) ভিটি এইউআই বিমান। ভাঙাচোরা একটি বিমানকে এত আয়োজন করে ভিনরাজ্যে পাঠানোর কারণ এর ঐতিহাসিক গুরুত্ব।

ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতের স্বাধীনতা সংগ্রামী বিজু পট্টনায়কের নিজের কলিঙ্গ এয়ারলাইনের বিমান ছিল এটি। এ ধরনের একটি ডাকোটা বিমানেই ১৯৪৭ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার তত্কালীন প্রধানমন্ত্রী সুতান সাজারিরকে উদ্ধার করে ভারতে নিয়ে এসেছিলেন বিজু।

বুধবার বিকেলের দিকে পশ্চিমবঙ্গ-ওডিশা রাজ্যের সীমানায় অবস্থিত লক্ষ্মণনাথ টোল প্লাজায় পৌঁছায় বিমানের অংশবাহী তিনটি ট্রাক। রাতের মধ্যেই এগুলোর প্রাদেশিক রাজধানী ভুবনেশ্বরে পৌঁছানোর কথা ছিল।

কলকাতা-ভুবনেশ্বর জাতীয় সড়কের দুপাশের মানুষের মধ্যে বুধবার সকাল থেকেই এজন্য ছিল সাজো সাজো রব। দমদমের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রাকে করে রওয়ানা হয় ঐতিহাসিক বিমানটির অংশগুলো। এই দৃশ্য দেখতে সড়কের দু’পাশে মানুষের ঢল নামে।

ইতিহাসবিদ অনীল ধীরের মতে, ডাকোটা বিমান খুব পছন্দের ছিল বিজু পট্টনায়কের। বিজু পট্টনায়কই ওডিশার বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেডি নেতা নবীন পট্টনায়কের বাবা। বিজুর প্রতিষ্ঠিত কলিঙ্গ এয়ারলাইনসের ছিল ১০টির বেশি ডাকোটা উড়োজাহাজ। ব্রিটিশ ভারতের একসময়ের রাজধানী কলকাতা ছিল এর সদর দপ্তর।

কলিঙ্গ এয়ারলাইনসের সেই ডাকোটা বিমানগুলোরই একটি পরিত্যক্ত অবস্থায় কয়েক দশক ধরে পড়ে ছিল কলকাতা বিমানবন্দরে। ওডিশার সরকার রাজ্যটির বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে সেই বিমানটি সংরক্ষণের  জন্য এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কাছে আবেদন করেছিল। তাদের সেই আবেদন মঞ্জুর করা হয়। প্রায় ৮ টন ওজন এবং ৬৪ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্যের বিমানটির খোলা অংশগুলো আবার জোড়া দিয়ে তা রাখা হবে ওডিশার এই বিমানবন্দরে। তার জন্য ১. ১ একর জমিও বরাদ্দ করেছেন কর্তৃপক্ষ।

এক সময় ভারতে আকাশপথের যোগাযোগে কার্যত বিপ্লব এনেছিল ডাকোটা বিমান। বিজু পট্টনায়কের এই বিমানের প্রতি ভালবাসার কথাও বেশ আলোচিত। তিনি ছিলেন একজন দক্ষ ও সাহসী পাইলট। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় বিমানবাহিনীর সদস্য বিজু ১৯৪৭ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ার তত্কালীন প্রধানমন্ত্রী সুতান সাজারিরকে উদ্ধার করতে এই ডাকোটা বিমানই ব্যবহার করেছিলেন। ডাচ উপনিবেশিক কর্তৃপক্ষ তখন ইন্দোনেশিয়ার আকাশ ও নৌসীমা নিয়ন্ত্রণ করত। তাদের নজর এড়িয়ে জন্য সুতান সাজারিরসহ কয়েকজন ইন্দোনেশীয় স্বাধীনতাকামীকে ভারতে উড়িয়ে এনেছিলেন বিজু। এজন্য তাঁকে ইন্দোনেশিয়া সরকার পরে সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভূমিপুত্র’ শিরোপায় ভূষিত করেছিল।

সূত্র: এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.