চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন।

মির্জা ফখরুল সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে (এনইউএইচ) চিকিৎসা নেবেন। তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও চিকিৎসার জন্য গিয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকের পরামর্শে সেখানে গেছেন। এটি তার ফলোআপ চেকআপ। প্রতিবছরই সেখানে ফলোআপ চেকআপে যেতে হয়।

শায়রুল কবির খান বলেন, মহাসচিবের স্ত্রীও অসুস্থ, তিনিও সঙ্গে গিয়েছেন। তার চিকিৎসার জন্য ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়া হয়েছে। দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তারা দুজনই দোয়া চেয়েছেন। চিকিৎসা শেষে এক সপ্তাহ পর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

৭৬ বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ ২০২১ সালের ৩০ জানুয়ারি ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন। ওই বছর ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.