কানাডার শহর টরন্টোর মেয়র জন টোরি সাবেক এক সহকর্মীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর পদত্যাগ করেছেন। তবে তিনি ওই প্রেমিকার নাম প্রকাশ করেননি।
তিনি টরন্টোর স্টার পত্রিকাকে শুধু বলেছেন, ৩১ বছর বয়সি এক কর্মচারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। এ কথা বলার কিছুক্ষণ পরেই গত শুক্রবার জন টোরির পদত্যাগের ঘোষণা আসে।
টোরি বলেছিলেন, তাদের প্রণয় করোনা মহামারি চলাকালে শুরু হয়েছিল এবং এই বছর পারস্পরিক সম্মতিতেই শেষ হয়েছিল।
৬৮ বছর বয়সি টোরি এই সম্পর্কটিকে ‘একটি গুরুতর ত্রুটি’ বলে অভিহিত করেছেন।
এক বিবৃতিতে টোরি বলেছেন, ‘আমি গভীরভাবে দুঃখিত এবং আমি টরন্টোর জনগণের কাছে এবং আমার ক্রিয়াকলাপে যারা আহত হয়েছেন, তাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী। সবচেয়ে বেশি ক্ষমাপ্রার্থী আমি আমার স্ত্রী বার্ব এবং আমার পরিবারের কাছে। যাদের আমি অন্য সবার চেয়ে বেশি হতাশ করেছি।’
টোরি বলেন, একটি নতুন প্রশাসনে সুশৃঙ্খল নিশ্চিত করতে শহরের কর্মচারী এবং ডেপুটি মেয়র জেনিফার ম্যাককেলভির সঙ্গে কাজ করবেন তিনি।
তিনি আরও বলেছেন, ‘আমি গভীরভাবে অনুশোচনা করছি এবং চাকরি থেকে সরে যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমার হৃদয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পারিবারিক সম্পর্কগুলোকেও মেরামত করার জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ করব।’
টোরি নির্বাচনে ডগ ফোর্ড এবং অলিভিয়া চৌকে পরাজিত করে ২০১৪ সালের ডিসেম্বর মাসে দায়িত্ব নেন। তিনি ২০১৮ সালে পুনঃনির্বাচিত হন এবং চার বছর পরে তৃতীয় মেয়াদে দায়িত্ব পান।
টোরির একজন নির্বাচিত উত্তরাধিকারী নির্ধারণের জন্য একটি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সূত্র : বিবিসি
