ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ

দুই প্রতিবেশী দেশ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। এতে ইউক্রেনে আক্রমণের নিন্দা ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের আহ্বাস জানানো হয়। সেই প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। খবর রয়টার্স।

ইউক্রেনে আক্রমণের এক বছর পূর্তির আগের দিন গতকাল বৃহস্পতিবার সাধারণ পরিষদে এই প্রস্তাব পাস হয়। এর আগে দুই দিনের বিতর্ক অনুষ্ঠিত হয়।

সাধারণ পরিষদের জরুরি বিশেষ অধিবেশনে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ। ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশসহ ৩২টি দেশ।


পাস হওয়া প্রস্তাবে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে সমর্থন পুনঃনিশ্চিত করা হয়েছে। রুশ দখলে চলে যাওয়া ইউক্রেনীয় অঞ্চলে মস্কোর যেকোনো দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে ইউক্রেনের ভূখণ্ড থেকে সামরিক বাহিনীকে সম্পূর্ণ ও নিঃশর্তভাবে প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবের বিরুদ্ধে ভোটদাতা দিয়ে রাশিয়ার পাশে থেকেছে বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া। অন্যদিকে ভোট না দেয়া দেশের মধ্যে রয়েছে ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.