হুগলি নদীতে দুর্ঘটনা, ডুবল বাংলাদেশি জাহাজ

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হুগলি নদীতে দুটি জাহাজের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। ক্ষতিগ্রস্ত দুটি জাহাজের একটি ডুবে গেছে। যে জাহাজটি আংশিকভাবে ডুবে যায়, সেটি বাংলাদেশের। জাহাজটি ছাই নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল। এই ছাই থেকে ইট নির্মাণ করা হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া জাহাজের ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় স্থানীয় সময় ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাংলাদেশের জাহাজটি হুগলি নদী দিয়ে যাওয়ার সময় অপর একটি জাহাজ সেটিকে ধাক্কা মারে। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করে। জাহাজটির ৩০ থেকে ৪০% ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত জাহাজের নয়জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় কুলপি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় মানুষেরা।

এ দিকে ঘটনার কথা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুঘর্টনাস্থলের নদী তীরে ভিড় জমায় স্থানীয়রা।

জালাল শেখ নামে এক বাসিন্দা বলেন, সকালে অতিরিক্ত কুয়াশার কারণে জাহাজের নাবিকেরা একে অপরকে দেখতে পারেননি। তাতেই দুর্ঘটনা ঘটে।

শুধু কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে মানতে নারাজ ডুবে যাওয়া জাহাজের কর্মী পুলক কুমার মণ্ডল।

তিনি বলেন, আমরা ঠিক পথেই যাচ্ছিলাম। ঠিক তখন বামদিক থেকে এসে অপর জাহাজটি আমাদের ধাক্কা মারে। এ সময় একই জায়গায় নদীতে আরও ৫টি জাহাজ ছিল। জাহাজটি সঠিক দিক-নির্দেশনা না মেনে চালানোতেই এই দুর্ঘটনা ঘটেছে। অন্য আরও জাহাজের ক্ষতি হতে পারতো।

দুর্ঘটনার খবর বাংলাদেশের এজেন্সিতে জানানো হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.