অবৈধভাবে জন্ম নেওয়া বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মন্ত্রী বলেছেন, ‘জনবিচ্ছিন্ন বিএনপি নির্বাচনী পরিবেশ ঘোলাটে করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে মাঠ আছে এবং থাকবে। জনগণের জানমাল রক্ষা এবং উন্নয়ন, শান্তি শৃঙ্খলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুস সামাদ মেমোরিয়াল ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
যারা বিভিন্ন সময় দলের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন আগামী নির্বাচনে তারা মনোনয়ন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দলের মনোনয়ন বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র উপস্থিত ছিলেন।
পরে শিক্ষামন্ত্রী ইসলামপুর উপজেলা ও জামালপুর সদরের ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।