ভারতের মধ্যপ্রদেশের বালেশ্বর মন্দিরে কুয়া ভেঙে ৩৫ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। ইন্দোরের স্নেহনগরে
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় এখনো উদ্ধার কাজ চলছে। খবর হিন্দুস্তান টাইমস।
ইন্দোরের জেলাশাসক ইলিয়ারাজা টি বলেছেন, ‘এই ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। এখনো একজন নিখোঁজ রয়েছেন।’
দুর্ঘটনার ১৮ ঘণ্টা পরও উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।
হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব রামনবমী উপলক্ষে গতকাল সকালে বালেশ্বর মন্দিরে পূজা দিতে যান কয়েকশো পুণ্যার্থী। পূজা চলাকালে তা দেখতে ৩০-৪০ জন পুণ্যার্থী মন্দিরের ভেতরের একটি কুয়ার ঢাকনার ওপর উঠে পড়েন। পরিত্যক্ত কুয়াটি কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। সেই ঢাকনা ভেঙে পড়ে তীর্থযাত্রীরা নিহত হন।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।