নির্বাচনকে ঘিরে জাতিসংঘের মধ্যস্ততায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে, এমন কোন সংকট দেশে এখনও তৈরি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের দেশে আমরা আলোচনা করব আমাদের নিজেদের সমস্যা নিয়ে। প্রয়োজন হলে নিজেরাই সমাধান করব। এখানে জাতিসংঘের মধ্যস্ততা বা হস্তক্ষেপের প্রয়োজন আছে-এমন রাজনৈতিক সংকট দেশে তৈরি হয়নি।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শাজাহান খান, কাজী জাফর উল্ল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, মুক্তি যুদ্ধ বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।