তথ্যপ্রযুক্তিতে বিশেষ করে দেশীয় ই-কমার্স কোম্পানিতে প্রবাসীদের বিনিয়োগের এখনই মুখ্য সময় বলে জানিয়েছেন ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার এবং ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান। ৩০তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে ৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির শেরাটন হোটেলে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত আইটি সেমিনার তিনি এ কথা বলেন।
উৎসবের আমেজ ভরা পরিবেশে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, আইটি ক্ষেত্রে সম্ভাবনা, সরকারি- বেসরকারি উদ্যাগ নিয়ে তথ্যবহুল আলোচনা ছিল সেমিনারের প্রতিপাদ্য। লেখক, প্রবক্তা, পরামর্শক, শিক্ষাবিদ সেমিনারের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডক্টর বদরুল হুদা খান। । তিনি বলেন, ই-লার্নিং, ই-কমার্স সহ সকলই সেবায় বাংলাদেশি কোম্পানিরা বিশ্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে।
সেমিনারে প্রকৌশলী আবুবকর হানিপ তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস, বৈদেশিক রেমিটেন্স, কৃষিখাত এই তিনটি সেক্টর বিশেষ অবদান রাখছে। বাংলাদেশ সরকার ৪র্থ ভিত্তি হিসেবে আইটি সেক্টরকে ভাবছে কিন্তু এই আইটি সেক্টরই হতে পারে বাংলাদেশ অর্থনীতির প্রধানতম ভিত্তি।
তিনি আরো বলেন, পিপল এন টেক কোর্স এবং প্রশিক্ষণের মাধ্যমে ২০০৪ সাল থেকে অদ্যাবধি প্রায় চার সহস্রাধিক বাংলাদেশিকে বছরে ৮০ হাজার ডলার থেকে ২ লক্ষ ডলার পর্যন্ত বেতনের চাকরি প্রদানে সহায়তা করবে।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার সাহবুদ্দিন পাটোয়ারী, ফামা ক্যাশ এর সিইও ডক্টর সাইফুল খন্দকার, টেকনাফ এর প্রেসিডেন্ট ফয়সাল কাদের, ক্রিকেট পয়েন্ট এর সিইও কাজী জামান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে আইটি সেক্টরে বিশেষ অবদানের জন্য প্যানেলিস্টদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।