কাতার ও মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বাংলাদেশের বিমানবন্দরে ইমিগ্রেশনের লম্বা লাইনের দুর্ভোগ কমাতে ইলেকট্রনিক পদ্ধতির ই-গেট করার দাবি জানিয়েছে কাতারস্থ চাঁদপুর সমিতি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহার নাজমা হৈ চৈ রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই দাবি জানানো হয়।
সমিতির সভাপতি মাহফুজ আহমেদের সভাপতিত্বে ও খায়রুল আলম সাগরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মানিক হোসেন, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক ইএম আকাশ প্রমুখ। এছাড়া কাতারস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফুজ আহমেদ বলেন, কাতারে চাঁদপুরের কোনো প্রবাসী বেকার থাকলে, তাদের কাজের ব্যাপারে কাতারে চাঁদপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে তাদেরকে কাজে লাগানো হবে।
পাশাপাশি দেশের উন্নয়ন ও বাংলাদেশকে এগিয়ে নিতে চাঁদপুর প্রবাসীদের আরো বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।