বাংলাদেশে নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বাংলাদেশের অব্যাহত অগ্রগতিতে প্রবাসীদেরও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসতে হবে’।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় গ্র্যান্ড হায়াত হোটেলে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, ‘নানা প্রতিবন্ধকতা সত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। বিদেশে দেশের ভাবমূর্তি রক্ষায় উদ্যোগী হতে প্রবাসীদের প্রতি আহ্বানও জানান তিনি’।
সে সময় বিএনপি-জামায়াতের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত অবৈধ টাকায় দেশের বিরুদ্ধে লবিং ও অপপ্রচার করছে’।
তিনি আরও বলেন, ‘এত টিভি-টক শো থাকতে যারা বলেন কথা বলার অধিকার নেই, তাদের কী বলব?’ যারা জ্বালাও-পোড়াও করেছেন, মানুষ হত্যা করেছেন, তাদের বিচার করা হবে’।
স্বাধীনতাযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জাতির পিতার হত্যাকারীদের আশ্রয় দেওয়া এবং তাদের বাইরের দূতাবাসে চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অভিযুক্ত করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘রাজনীতিতে ভুলের মাশুল দিতে হবে।একবার ট্রেন মিস করেছেন, তার খেসারত দিতে হবে তাকে’।
সংবর্ধনা অনুষ্ঠানে গ্র্যান্ড হায়াত হোটেলের অডিটোরিয়াম প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের পদচারণায়। সে সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি প্রমুখ।