নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর ৭২-৫০০ মডেলের এয়ারক্রাফট বিক্রি করে দিলো বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে বিক্রির বিষয়টি নিশ্চিত করা হলেও বৃহস্পতিবার এয়ারক্রাফট দুটি বুঝে পেয়েছে ইয়েতি এয়ারলাইন্স।
ফ্রান্স-ইতালির জয়েন্টভেঞ্চার প্রতিষ্ঠান এটিআরের ৭২ মডেলের উড়োজাহাজগুলো স্বল্প দূরত্বের গন্তব্যে বেশ জনপ্রিয়। জ্বালানিসাশ্রয়ী এসব উড়োজাহাজের যাত্রী ধারণক্ষমতা ৭৮ জন। এই দুই এয়ারক্রাফট বিক্রির পর নভোএয়ারের বহরে প্লেনের সংখ্যা দাঁড়ালো ৫।
ইয়েতি এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, নভোএয়ার থেকে কেনা দুটি এয়ারক্রাফটের একটি ১৫ বছর ২ মাস (এটিআর ম্যানুফ্যাকচারার সিরিয়াল নম্বর এমএসএন-৮০৫) ও অপরটি ১৩ বছর ৭ মাস (এটিআর ম্যানুফ্যাকচারার সিরিয়াল নম্বর এমএসএন-৮১৬) ফ্লাইট পরিচালনা করেছে। যদিও নভোএয়ার ২০১৫ ও ২০১৬ সালে এয়ারক্রাফটগুলো দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করে।
