বাংলাদেশের স্থানীয় ব্র্যান্ড ওয়ালটন প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে ল্যাপটপ বাজারজাত শুরু করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিন অনুষ্ঠিত হয় ওয়ালটন ল্যাপটপ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিশেষ অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি মোস্তফা জাব্বার, ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম রেজাউল আলম, ইনটেল কর্পোরেশন এর কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর, মাইক্রোসফট প্রতিনিধি মিস্টার পুবুদো বাসনায়েকে। সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, “প্রথম যখন আমরা কম্পিউটার রপ্তানি করি, তখন তিন লক্ষ টাকার মতো লাগতো। কিন্তু আশার বিষয় হচ্ছে, আমাদের দেশে কম্পিউটারের যাত্রা দেরিতে শুরু হলেও এক্ষেত্রে দ্রুত এই যাত্রায় আমরা এগিয়েছি। এখন ২৯ হাজার টাকায় দেশীয় ল্যাপটপ হাতে আসছে।” বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেলেও (তথ্যপ্রযুক্তি) আইসিটি খাতের মতো এতো অগ্রগতি আগে কোনো ক্ষেত্রে হয়নি বলে মন্তব্য করেন মুহিত।
তিনি বলেন, “সারা পৃথিবীতে কম্পিউটার গেছে ৪০ শতাংশ মানুষের হাতে। আমাদের দেশে সেটার পরিমাণ অনেক বেশি, ৭০-৮০ শতাংশের কাছে পৌঁছেছে। ওয়ালটনের ল্যাপটপ বাজারে আসায় নিজে বিস্মিত হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমার জন্য অত্যন্ত খুশির দিন। কিছুটা বিস্মিতও। আমি মনে করছিলাম এটা আসবে ২০২১ সালে, এসে গেছে ২০১৬ সালে।”
বর্তমানে বছরে প্রায় ৬ লাখ ল্যাপটপ বাংলাদেশে আমদানি করা হয় বলে জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আগামী পাঁচ থেকে সাত বছরে সেটা ১২ লাখে দাঁড়াবে। পলক বলেন, বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন ল্যাপটপের মত উন্নত প্রযুক্তির একটি পণ্য বাজারে এনেছে। এটি একটি ভালো উদ্যোগ। আশা করছি ইনটেল, মাইক্রোসফট এবং ওয়ালটনের যৌথ উদ্যোগে বাজারজাতকৃত ল্যাপটপ প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে।
উল্লেখ্য, ইনটেল, মাইক্রোসফট এবং বাংলাদেশের বিজয় বাংলার সহযোগিতায় ওয়ালটন ল্যাপটপ বাজারজাত করছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, উচ্চমান এবং সাশ্রয়ী মূল্যের কারণে ফ্রিজ, টিভি, মোবাইল ফোন, এয়ারকন্ডিশনারসহ অন্যান্য পণ্যের মতো ল্যাপটপের ক্ষেত্রেও ওয়ালটন বাংলাদেশের র্শীষ ব্র্যান্ডে পরিণত হবে। ওয়ালটনের পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে প্রায় সব ধরনের আইটি পণ্য তারা দেশেই তৈরি করবে। যার প্রথম পণ্য হিসেবে বাজারে আসলো ল্যাপটপ। এখন থেকে ক্রেতারা বাজারে পাবেন ৬ষ্ঠ প্রজন্মের উচ্চগতির মাল্টিটাস্কিং বৈশিষ্ট্য সম্বলিত ল্যাপটপ।
এছাড়া সুলভ মূল্যে মাইক্রোসফটের জেনুইন অপারেটিং সিস্টেম ও সফটও্যয়ার বাজারজাত করবে ওয়ালটন। ওয়ালটন ল্যাপটপের দামও হবে অন্যান্য আন্তর্জাতিক ব্র্যান্ডের তুলনায় মডেল ভেদে ১০ থেকে ৩০ শতাংশ সাশ্রয়ী। প্রাথমিকভাবে বাজারে আসছে চারটি সিরিজের মোট ২০ টি মডেলের ল্যাপটপ। মূল্য থাকছে ২৯,৫০০ থেকে ৯৫,৫০০ টাকা।