যশোরের বেনাপোল সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর সড়কের চারা বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশানুর রহমান (৩৫) বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকা থেকে স্বর্ণবারসহ আশানুর নামে এক যুবককে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ব্যাপারে আশানুর জানায়, মাত্র আড়াই’শ টাকার বিনিময়ে নিজের শরীরে স্বর্ণ বহন করছিলেন। তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
আশানুরের স্বীকারোক্তি অনুযায়ী জব্দকৃত স্বর্ণের আসল মালিক বেনাপোলের দৌলতপুর গ্রামের হানেফ আলীর ছেলে রাজ্জাক বলেও জানান বিজিবি কর্মকর্তা।