৯৯৯-এ ফোন: বিদেশগামী যাত্রীর ভিসা-পাসপোর্ট-বিমান টিকিটসহ ব্যাগ উদ্ধার

গত ২৭ মার্চ (বুধবার) ভোরে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনে তখন খুব ভিড়। কোনো আসন ফাঁকা না পেয়ে দরজার কাছে দাঁড়ানো ছিলেন সিরাজগঞ্জ সদরের রেলওয়ে কলোনির অধিবাসী সৌদিপ্রবাসী মমিন শেখ (৪৫)। এসময় অসাবধানতাবশত তার হাতে থাকা ব্যাগটি ট্রেনের বাইরে পড়ে যায়। যাতে ছিল তার পাসপোর্ট-বিমান টিকিট আর ভিসা।

ঘটনার আকস্মিকতায় মমিন শেখ জ্ঞান হারান। তার সহযাত্রী ফাহিম এতথ্য জানিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধার সহায়তার অনুরোধ জানান। তিনি আরও জানান, সেদিন বেলা ২টায় সৌদি আরবের ফ্লাইট। ব্যাগটি না পেলে তার আত্মীয়ের সর্বনাশ হয়ে যাবে। যথাসময়ে কাজে যোগ না দিলে চাকরিও চলে যেতে পারে।

এতথ্যের ভিত্তিতে ৯৯৯ থেকে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়।

সংবাদ পেয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ি এ বিষয়ে অনুসন্ধানে নামে এবং খোঁজ-খবর নিতে থাকে। পরে তারা খবর পান যে রেল কিলোমিটার নম্বর ৩০৯, পুংলী নামক স্থানে রেললাইনের পাশে পড়ে থাকা অবস্থায় হাজেরা বেগম (৪০) নামে এক নারী ব্যাগটি খুঁজে পান। তার সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যাগটি নিয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হাজির হন। ব্যাগটি হাজেরা বেগমের মাধ্যমে ব্যাগটির মালিক মমিন শেখকে বুঝিয়ে দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.