কুয়েত ও সৌদি আরবের মধ্যে যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করতে দুই দেশের স্থল সীমান্তে নতুন যাত্রীবাহী বাস সার্ভিস চালু করা হয়েছে।
সৌদি পরিবহন কর্তৃপক্ষ (TGA) এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়েত সীমান্ত ক্রসিং এবং সৌদি আরবের অভ্যন্তরের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করতেই এই সময়োপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই ব্যবস্থার আওতায় দুটি প্রধান রুট নির্ধারণ করা হয়েছে।
প্রথম রুটটি কুয়েতের নুওয়াইসেব সীমান্ত থেকে শুরু হয়ে সৌদি আরবের খাফজি বর্ডার ক্রসিং দিয়ে সরাসরি দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত পৌঁছাবে।
অন্যদিকে, দ্বিতীয় রুটটি কুয়েতের সালমি বর্ডার ক্রসিং থেকে যাত্রা শুরু করে সৌদি আরবের রৌকাই বর্ডার ক্রসিং হয়ে হাফার আল-বাতিন অঞ্চলের আল কাইসুমা আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করবে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই দুটি পথে চলাচলের জন্য মোট ১২টি নতুন ও আধুনিক যাত্রীবাহী বাস মোতায়েন করা হয়েছে।
যাত্রীদের সুবিধার্থে প্রতিটি রুটে প্রতিদিন উভয় দিক থেকে ছয়টি করে ট্রিপ পরিচালিত হবে, যা যাতায়াতকে আরও নিয়মিত ও নির্ভরযোগ্য করে তুলবে।
এই বাস সার্ভিসের মাধ্যমে কুয়েত থেকে আসা যাত্রীরা খুব সহজেই স্থলপথে সৌদি আরবে পৌঁছে দাম্মাম বা হাফার আল-বাতিন অঞ্চলের বিমানবন্দরগুলো ব্যবহার করে বিশ্বের যেকোনো দেশে আকাশপথে ভ্রমণ করতে পারবেন। একইভাবে সৌদি আরব থেকে কুয়েতগামী যাত্রীরাও এই রুটগুলো ব্যবহার করে সাশ্রয়ী ও সহজ যাত্রার সুবিধা পাবেন।
সৌদি পরিবহন কর্তৃপক্ষের মতে, এই উদ্যোগের ফলে কুয়েত-সৌদি সীমান্ত এবং সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে।
এর ফলে পর্যটক ও সাধারণ যাত্রীদের জন্য যাতায়াতের নতুন বিকল্প তৈরি হলো, যা সীমান্ত পারাপার এবং আন্তর্জাতিক ভ্রমণকে আগের চেয়ে অনেক বেশি সহজতর করবে।
আরও খবর
