দুবাইতে ড্রোন হামলার ছবি শেয়ার করায় ব্রিটিশ বিমানকর্মী গ্রেপ্তার

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) কাছে একটি ড্রোন হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ছবি শেয়ার করার অপরাধে এক ২৫ বছর বয়সী ব্রিটিশ বিমানকর্মীকে (ফ্লাইট অ্যাটেনডেন্ট) গ্রেপ্তার করা হয়েছে।
‘মিডল ইস্ট আই’-এর প্রতিবেদন অনুযায়ী, ওই কেবিন ক্রু সদস্য একটি ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পোস্ট করে সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন যে, বিমানবন্দরের ভেতর দিয়ে যাতায়াত করা নিরাপদ কি না।
পরবর্তীতে কর্তৃপক্ষ তার ফোন তল্লাশি করে এবং দেশের কঠোর সাইবার অপরাধ আইনের অধীনে তাকে অভিযুক্ত করে।
দোষী সাব্যস্ত হলে তাকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫৪,০০০ ডলার (প্রায় ২ লক্ষ দিরহাম) এর বেশি জরিমানা গুনতে হতে পারে, যার পর তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার পর থেকে দেশটিতে গ্রেপ্তার অভিযানের যে ঢেউ চলছে, এই ঘটনা তারই অংশ।
মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দৃশ্য ধারণ বা শেয়ার করার দায়ে পর্যটক, প্রবাসী এবং বিমানকর্মীসহ বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিককে আটক করা হয়েছে।
আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ‘ডিটেইনড ইন দুবাই’ জানিয়েছে যে, জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কন্টেন্ট শেয়ার করার অপরাধে অনেককে অভিযুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এখন পর্যন্ত প্রায় ৭০ জন ব্রিটিশ নাগরিক এর শিকার হয়েছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে, সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা নিয়ে করা সাধারণ কোনো পোস্টও গুরুতর আইনি ঝুঁকি তৈরি করতে পারে।
অন্য একটি ঘটনায়, এক ৬০ বছর বয়সী ব্রিটিশ পর্যটককে ড্রোন হামলার ভিডিও রেকর্ড করার জন্য আটক করা হয়।
কর্তৃপক্ষ আসার পর তিনি ভিডিওটি মুছে ফেললেও তাকে রেহাই দেওয়া হয়নি। ‘ডিটেইনড ইন দুবাই’-এর সিইও রাধা স্টার্লিং এক বিবৃতিতে বলেন, “অনলাইনে সংঘাতের অসংখ্য ছবি ও ভিডিও ঘুরছে। মানুষ মনে করে কোনো কিছু সংবাদমাধ্যমে প্রচার হলে তা শেয়ার করা নিরাপদ।
কিন্তু আরব আমিরাতের ক্ষেত্রে এই ধারণা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।”
ইতোমধ্যেই ব্রিটিশ এবং ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করে সংবেদনশীল এবং নিরাপত্তা সংক্রান্ত কোনো ছবি তোলা বা শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.