শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান শিক্ষাকার্যক্রমে যুক্ত হচ্ছে নতুন সময়সূচি। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
নতুন সময়সূচি অনুযায়ী, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ক্লাস অনলাইনে হবে। অপরদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি বিদ্যালয়ে উপস্থিত থেকে অফলাইন ক্লাসে অংশ নেবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, অনলাইন ক্লাস শুধু মহানগর ও মেট্রোপলিটন এলাকার কিছু স্কুলে চালু হবে। আগামী সোমবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে। ওই দিন থেকেই শিক্ষকেরা বিদ্যালয়ে গিয়ে অনলাইন ক্লাস নেবেন।
সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। মন্ত্রী স্পষ্ট জানান, সব প্রতিষ্ঠানকে এই পদ্ধতি অনুসরণে বাধ্য করা হচ্ছে না। তিনি বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।’
