বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটে যান্ত্রিক বিভ্রাটের কারণে হজযাত্রীদের কোরআন তেলাওয়াত ও তর্জমা শোনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মূলত উড়োজাহাজের আসনগুলোতে থাকা ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম বা মনিটর অচল থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৮ এপ্রিল থেকে বিমানের হজ ফ্লাইট শুরু হওয়ার কথা।
এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রায় ৩৯ হাজার ৬৪৩ জন হজযাত্রী পরিবহন করবে, যার জন্য ১০৮টি ডেডিকেটেড ফ্লাইট ও বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তবে একটি উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য ইতালিতে থাকায় এবং বাকিগুলোর অনেক সিট মনিটর অকেজো থাকায় হজ যাত্রীদের সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাধারণত হজযাত্রীরা দীর্ঘ ভ্রমণে এই মনিটরের মাধ্যমে কোরআন তেলাওয়াত, হামদ-নাত এবং তর্জমা শুনে থাকেন।
কিন্তু মনিটর ত্রুটির কারণে এবার তারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। অভিযোগ উঠেছে, বিষয়টি আগে জানানো হলেও সমাধানে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি।
অবশ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম দাবি করেছেন, সব মনিটর নষ্ট নয়। কিছু মনিটরে সমস্যা রয়েছে এবং সেগুলো মেরামত করে ফ্লাইট পরিচালনার চেষ্টা চলছে।
আরও খবর
