বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তরের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
গতকাল সোমবার শাহজালাল বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগের ফলে এই রূপান্তর সম্ভব হচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বিমান চলাচল খাতে কাক্সিক্ষত অগ্রগতি অর্জন করবে।
একই অনুষ্ঠানে আধুনিক ও স্বয়ংক্রিয় এটিএমসি চালু প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এটি দেশের বেসামরিক বিমান চলাচল খাতে একটি ঐতিহাসিক মাইলফলক।
এই ব্যবস্থা বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করবে।
তিনি প্রকল্প বাস্তবায়নে ফ্রান্স সরকার ও সংশ্লিষ্ট সবার অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।
ফ্রান্সের থ্যালেস কোম্পানির সরবরাহকৃত প্রযুক্তি আকাশসীমা ব্যবস্থাপনায় সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটিএমসি চালুর মাধ্যমে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা হয়েছে।
আঞ্চলিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা গড়ে তোলার নতুন সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন-মার্ক সেরে-শার্লে, বেবিচক সদস্য (এটিএম) এয়ার কমডোর মো. নূর-ই-আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি প্রমুখ।
