এ মাসেই বোয়িং থেকে উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত

ঢাকা-টোকিও ফ্লাইট চালু জুনে

এ মাসেই বোয়িং থেকে উড়োজাহাজ কেনার চূড়ান্ত সিদ্ধান্ত, ঢাকা-টোকিও ফ্লাইট চালু জুনে

বিশেষ প্রতিনিধি : মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing থেকে উড়োজাহাজ ক্রয়ের বিষয়ে এ মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে উড়োজাহাজ ক্রয়সংক্রান্ত এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা Biman Bangladesh Airlines–এর বহর সম্প্রসারণের অংশ হিসেবে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনা এবং কিছু উড়োজাহাজ ভাড়ায় নেওয়ার বিষয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও জানান, সরকার ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাস থেকে এ রুটে পুনরায় ফ্লাইট চালু হতে পারে।

সভা শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে বিমানের বহরে মোট ৪৭টি উড়োজাহাজ যুক্ত করার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগের সরকারের সময় নেওয়া উদ্যোগগুলোর অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, নতুন উড়োজাহাজ সংযোজনের আগে প্রতিটি রুটের আয়-ব্যয়ের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা জরুরি। সময়োপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিমান সংস্থাকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব বলেও তিনি মত দেন।

অন্যদিকে প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.