ঢাকা-টোকিও রুটে জুন থেকে ফ্লাইট চালু হচ্ছে

আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রতিমন্ত্রী বলেন, টোকিওর সঙ্গে বিমানের একটি ফ্লাইট ছিল যা অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছিল। অথচ এই রুটটি লাভজনক ছিল।

তবে কেন বন্ধ করা হয়েছিল সেটি আর না বলার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জুন মাস থেকেই ঢাকা-টোকিও ফ্লাইট চালু হচ্ছে। প্রধানমন্ত্রীও এই রুট বন্ধ রাখার কারণ জানতে চেয়েছিলেন।

পর্যালোচনায় দেখা গেছে, অন্য কোনো কারণে ফ্লাইটটি বন্ধ করা হয়েছিল। শুরুতে সীমিত পরিসরে ফ্লাইট চালানো হলেও ভবিষ্যতে চাহিদা ও লাভজনকতা বিবেচনায় তা বাড়ানো হবে।

হজ ফ্লাইট ও বিমান বহর বাড়ানোর পরিকল্পনা

হজ ফ্লাইট প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, হজের ফ্লাইট নিয়মিত চলছে এবং ৩০ মে থেকে এর রিটার্ন ফ্লাইট শুরু হবে।

বিমান বহর বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। নতুন উড়োজাহাজ কেনা ও লিজ নেওয়ার বিষয়ে সরকারের নির্দেশনা নেওয়া হয়েছে।

গত সরকার একটি উড়োজাহাজ কেনার চুক্তির খসড়া করে রেখেছিল, যা সম্পর্কে ৩০ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

ইতোমধ্যে বোয়িংয়ের সঙ্গে একাধিক উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, বহরে নতুন বিমান যুক্ত হলে এবং লিজের মাধ্যমে সক্ষমতা বাড়ানো গেলে বিমান সংস্থাটিকে আরও লাভজনক করা সম্ভব হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.