মাননীয় বিমানমন্ত্রী আফরোজা খানমের জীবনবৃত্তান্ত

নাম: আফরোজা খানম
পদবী: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
দায়িত্ব গ্রহণ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর)


জন্ম ও পারিবারিক পরিচয়

মাননীয় মন্ত্রী আফরোজা খানম ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রখ্যাত ব্যবসায়ী ও রাজনীতিবিদ মরহুম হারুনার রশিদ খান মুন্নু এবং হুরন নাহার রশিদের জ্যেষ্ঠ কন্যা।


শিক্ষা ও পেশাজীবন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি পিতার প্রতিষ্ঠিত মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে এই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসায়িক নেতৃত্ব দিচ্ছেন।

তাঁর ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৮ ও ২০১৫ সালে তাকে সিআইপি (শিল্প ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তি) হিসেবে মনোনীত করে।


রাজনৈতিক জীবন

আফরোজা খানম দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায় থেকে সক্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে যুক্ত। তাঁর পিতা মরহুম হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জের জননন্দিত নেতা, চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী।

২০০১ সালের জাতীয় নির্বাচনে পিতার নির্বাচনী প্রচারণায় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়। পিতার রাজনৈতিক কর্মকাণ্ড ও পেশাগত অভিজ্ঞতা তাকে সমাজের বিভিন্ন সমস্যার সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত করে তোলে এবং জনসেবায় উদ্বুদ্ধ করে।

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন এবং একই বছরের ১৮ ফেব্রুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।


সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড

তিনি ব্যবসা ও রাজনীতির পাশাপাশি নিম্নোক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে নিরলসভাবে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন:

  • মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন

  • মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল

  • মুন্নু নার্সিং ইনস্টিটিউট

  • মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

তাঁর কর্মকাণ্ডের মধ্যে রয়েছে শিক্ষা বিস্তার, নারী উন্নয়ন, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধি।

তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সফল ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী হিসেবে পরিচিত।


ব্যক্তিগত জীবন

ব্যক্তিগত জীবনে আফরোজা খানম তিন পুত্র সন্তানের জননী। পেশাগত ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও তিনি পারিবারিক জীবনে স্নেহময়ী মা ও দায়িত্বশীল সহধর্মিণী হিসেবে সফল ভূমিকা পালন করে চলেছেন। পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই তিনি সমান আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেন।

জনসেবা ও মানবকল্যাণকে তিনি জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছেন এবং দেশের উন্নয়ন ও মানুষের সার্বিক কল্যাণে নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সূত্র- বাংলাদেশ সংবাদ সংস্থা

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN