অস্ট্রেলিয়া রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে কাতার এয়ারওয়েজ

ইরান সংকটের পরবর্তী সময়ে কাতার এয়ারওয়েজ তাদের বৈশ্বিক নেটওয়ার্ক পুনরায় শক্তিশালী করার লক্ষ্যে অস্ট্রেলিয়া রুটে ফ্লাইটের সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে সিডনি, মেলবোর্ন এবং পার্থে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট থাকলেও আগামী ১ মে থেকে এই শহরগুলোতে প্রতিদিন নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে।

অন্যদিকে, ১৬ মে থেকে ব্রিসবেন রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চালু হবে, যা পরবর্তীতে ১৬ জুন থেকে দৈনিক ফ্লাইটে রূপান্তরিত হবে।

একই দিন থেকে অর্থাৎ ১৬ জুন থেকে অ্যাডিলেডেও সরাসরি দৈনিক ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইনটির।

এর মাধ্যমে কাতার এয়ারওয়েজের নেটওয়ার্ক বিশ্বের ১৫০টিরও বেশি গন্তব্যে বিস্তৃত হবে।
ইউরোপের বিভিন্ন শহরেও কাতার এয়ারওয়েজ তাদের কার্যক্রম বাড়াচ্ছে। ১৬ মে থেকে বুদাপেস্ট, লন্ডন গ্যাটউইক, মাইকোনোস এবং নিস-এ পুনরায় ফ্লাইট শুরু হচ্ছে।

এছাড়া ১৬ জুন থেকে ব্রাসেলস, ডুসেলডর্ফ, লিসবন, অসলো এবং প্রাগের মতো শহরগুলো তাদের গন্তব্যের তালিকায় যুক্ত হবে।

লন্ডনের হিথ্রো, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস এবং রোমের মতো বড় শহরগুলোতে বর্তমানে কাতার এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইট চালু রয়েছে।

দোহা থেকে পরিচালিত এই সমস্ত ফ্লাইটগুলো কাতার সিভিল এভিয়েশন অথরিটির সাথে সমন্বয় করে নির্ধারিত নিরাপদ করিডোর দিয়ে পরিচালনা করা হচ্ছে।
ভার্জিন অস্ট্রেলিয়ার সাথে পার্টনারশিপের আওতায় ১৬ জুন থেকে সিডনি-দোহা এবং মেলবোর্ন-দোহা রুটে দৈনিক ফ্লাইট পুনরায় চালু হবে, যদিও ব্রিসবেন এবং পার্থের কিছু ফ্লাইট ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

সিডনি রুটের যাত্রীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এয়ারবাস A350-এর অত্যাধুনিক ‘কিউসুইট’ (Qsuite) বিজনেস ক্লাস, যা সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে।

এরপর এই রুটে পুনরায় বিলাসবহুল A380 বিমান ফিরে আসবে।
যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে কাতার এয়ারওয়েজ বিশেষ রি-বুকিং পলিসি ঘোষণা করেছে।

যাদের ভ্রমণের তারিখ ২৮ ফেব্রুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে নির্ধারিত ছিল, তারা চাইলে কোনো অতিরিক্ত ফি ছাড়াই ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত নতুন তারিখে টিকিট পরিবর্তন করতে পারবেন।

এছাড়া ফ্লাইট বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে যাত্রীরা পুরো টাকা ফেরতের (Refund) আবেদনও করতে পারবেন।

যেকোনো তথ্যের জন্য এয়ারলাইনটি তাদের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে যোগাযোগ বজায় রাখার এবং কন্টাক্ট ডিটেইলস আপডেট রাখার পরামর্শ দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.