যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি কাল

বোয়িংয়ের সঙ্গে বিমানের উড়োজাহাজ ক্রয় চুক্তি কাল বৃহস্পতিবার

ঢাকা: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান Boeing-এর সঙ্গে বড় পরিসরের উড়োজাহাজ ক্রয় চুক্তি সই করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-তে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক ও বিমান চলাচল খাতের সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কায়জার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের প্রতিনিধি নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করবেন।

বিমান সূত্র জানায়, এই চুক্তির আওতায় প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৩৭ হাজার কোটি টাকা) মোট ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মিজ আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলা, বহর আধুনিকায়ন এবং দীর্ঘ রুটে সক্ষমতা বাড়াতে এই বড় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে পরিচালনা করা হবে, আর ৭৩৭ ম্যাক্স জেটগুলো ব্যবহার হবে আঞ্চলিক ও স্বল্প দূরত্বের ফ্লাইটে।

উল্লেখ্য, বিমানের বহর সম্প্রসারণ নিয়ে গত তিন বছর ধরে বোয়িং ও ইউরোপীয় নির্মাতা Airbus-এর মধ্যে প্রতিযোগিতা চলছিল। শেষ পর্যন্ত এই চুক্তির মাধ্যমে সেই প্রতিযোগিতার অবসান ঘটছে এবং এটি বিমানের আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN