হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ এ ঘটনায় চলতি বছর মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টার বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কা শহরে সাতজন এবং মদিনা শহরে দুজনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া দুইজন হলেন ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২)। তারা উভয়ই বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন এবং মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

এদিকে হজযাত্রীদের পরিবহন কার্যক্রমও জোরেশোরে চলছে। এখন পর্যন্ত মোট ১১৮টি ফ্লাইটে ৪৬ হাজার ৫১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ২১টি ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনে অংশ নেবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছরই হজ মৌসুমে বয়সজনিত ও শারীরিক জটিলতার কারণে কিছু মৃত্যুর ঘটনা ঘটে। তাই হজযাত্রীদের স্বাস্থ্য সচেতনতা, নিয়মিত চিকিৎসা পরীক্ষা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.