‘১ ইউরো মিল’ কর্মসূচি: শিক্ষার্থীদের জন্য স্বস্তির খাবার

ফ্রান্স সরকার শিক্ষার্থীদের খাবারের ব্যয় কমানোর লক্ষ্যে ‘১ ইউরো মিল’ কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তিন কোর্সের খাবার (স্টার্টার, মূল খাবার ও ডেজার্ট) মাত্র ১ ইউরোতে পাওয়া যাবে। এই কর্মসূচি বাস্তবায়নে ফরাসি সরকার ১২০ মিলিয়ন ইউরো বরাদ্দ দেবে।

এর আগে এই সুবিধা শুধু কম আয়ের বা আর্থিক সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সীমিত ছিল। সাধারণ শিক্ষার্থীদের জন্য একই খাবারের দাম ছিল ৩ দশমিক ৩০ ইউরো।

প্যারিসের শিক্ষার্থী আলেজান্ডার লনিন্দেস জানান, তিনি মাসে প্রায় ২০ বার ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে থাকেন। আগে তার খরচ ছিল প্রায় ৬০ ইউরো, যা এখন কমে প্রায় ২০ ইউরোতে নেমে আসবে। তিনি বলেন, বেঁচে যাওয়া অর্থ তিনি বিনোদন ও বাইরে খাওয়ার কাজে ব্যবহার করবেন।

সরকারি ও শিক্ষার্থী সংগঠনের তথ্য অনুযায়ী, ফ্রান্সে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটের কারণে নিয়মিত খাবার খেতে পারেন না।

এক জরিপে দেখা গেছে, প্রায় ৪৮ শতাংশ শিক্ষার্থী অর্থের অভাবে খাবার বাদ দিয়েছে এবং ২৩ শতাংশ মাসে একাধিকবার এমন পরিস্থিতির মুখে পড়ে।

২০২৪ সালে প্রায় ৬ লাখ ৬৭,০০০ শিক্ষার্থী এই সুবিধা নিয়েছে এবং প্রায় ৪৬ দশমিক ৭ মিলিয়ন খাবার পরিবেশন করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া পরিচালন সংস্থা ক্রাউস।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী ফিলিপ্পি বাপ্তিস্ত জানিয়েছেন, ২০২৭ সালে এই কর্মসূচি চালাতে সরকার ১২০ মিলিয়ন ইউরো বরাদ্দ দেবে।

তিনি একে ‘একটি ছোট অভ্যন্তরীণ বিপ্লব’ বলে উল্লেখ করেছেন।

তিনি আরও জানিয়েছেন, এমন উদ্যোগের কারণে ক্যান্টিনের মান ও কর্মীদের ওপর যাতে চাপ না পড়ে তা নিশ্চিত করা হবে।

বিশ্লেষকদের মতে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে এই উদ্যোগ ফ্রান্সের শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তি এনে দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.