২১ মে থেকে পুনরায় চালু হচ্ছে নাগপুর-দোহা সরাসরি ফ্লাইট
২১ মে থেকে ভারতের নাগপুর ও কাতারের দোহার মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হতে যাচ্ছে
দীর্ঘ বিরতির পর আগামী ২১ মে থেকে ভারতের নাগপুর ও কাতারের দোহার মধ্যে সরাসরি বিমান চলাচল আবারও শুরু হতে যাচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি কমলেও বাড়তি ভাড়ার কারণে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
কাতার এয়ারওয়েজ গত ২৭ ফেব্রুয়ারির পর নাগপুর-দোহা রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করেছিল। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ১৫ মে এবং পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল।
তবে পরিস্থিতির উন্নতি এবং যাত্রী চাহিদা বাড়তে থাকায় আবারও এই রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কাতার এয়ারওয়েজ। আগামী ২০ মে দোহা থেকে নাগপুরে এবং ২১ মে নাগপুর থেকে দোহাগামী ফ্লাইট চালু হবে। প্রায় দুই মাস ২১ দিন পর আবারও কাতার এয়ারওয়েজের উড়োজাহাজ নাগপুর বিমানবন্দরে অবতরণ করবে।
তবে ফ্লাইট চালু হলেও যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দোহা থেকে নাগপুর রুটে ইকোনমি শ্রেণির ভাড়া এখন শুরু হচ্ছে ৩৪ হাজার রুপি থেকে, যা আগে ছিল প্রায় ২৪ হাজার রুপি। অর্থাৎ ভাড়া বেড়েছে প্রায় ৪১ শতাংশ। একইভাবে বিজনেস শ্রেণির ভাড়া ৬৫ হাজার রুপি থেকে বেড়ে হয়েছে প্রায় ১ লাখ রুপি, যা ৫৪ শতাংশের বেশি বৃদ্ধি।
অন্যদিকে নাগপুর থেকে দোহা রুটে ইকোনমি শ্রেণির টিকিটের মূল্য শুরু হচ্ছে ২৩ হাজার রুপি থেকে। বিজনেস শ্রেণির টিকিট, যা আগে প্রায় ৬৫ হাজার রুপিতে পাওয়া যেত, এখন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার রুপিতে।
এ ছাড়া গ্রীষ্মকালীন সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। আগে দোহা থেকে নাগপুরগামী ফ্লাইট রাত ২টা ২০ মিনিটে পৌঁছাত, এখন তা পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। একইভাবে নাগপুর থেকে দোহাগামী ফ্লাইট আগে রাত ৩টা ৫০ মিনিটে ছেড়ে যেত, এখন ছাড়বে রাত ৪টা ১৫ মিনিটে।
সপ্তাহে পাঁচ দিন এই ফ্লাইট পরিচালিত হবে।
