ঢাকা-দোহা রুটে কার্গো সক্ষমতা ও ফ্লাইট বাড়াল কাতার এয়ারওয়েজ

ঢাকা-দোহা রুটে কার্গো সক্ষমতা ও ফ্লাইট বাড়াল কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ কার্গোর বৈশ্বিক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা রুটে কার্গো সক্ষমতা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইউরোপে নতুন ফ্রেইটার সার্ভিস, দক্ষিণ আমেরিকায় নতুন যাত্রী গন্তব্য এবং হেলসিঙ্কি ও টোকিও রুট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে এয়ারলাইনটি।

এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ কার্গো জানায়, বর্তমানে ঢাকা থেকে এবং ঢাকায় প্রতি সপ্তাহে ৩১৫ টনের বেশি বেলি-হোল্ড কার্গো পরিবহন সক্ষমতা রয়েছে। নতুন QR642 ফ্লাইট চালুর মাধ্যমে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ১৭ করা হয়েছে।

ইউরোপীয় রুটে কাতার এয়ারওয়েজ কার্গো আবারও বোয়িং ৭৭৭এফ ফ্রেইটার সার্ভিস চালু করেছে। দোহা–বুদাপেস্ট–ভিয়েনা–দোহা রুটে এই সেবা পরিচালিত হবে। পাশাপাশি বুদাপেস্ট হয়ে ওয়ারশ রুটে দ্বিতীয় একটি ৭৭৭এফ ফ্রেইটার যুক্ত করা হয়েছে, যা ইউরোপীয় করিডোরে অতিরিক্ত কার্গো সক্ষমতা তৈরি করবে।

দক্ষিণ আমেরিকায় আগামী ২২ জুলাই থেকে ভেনেজুয়েলার কারাকাস ও কলম্বিয়ার বোগোতায় নতুন যাত্রী ফ্লাইট চালু করবে কাতার এয়ারওয়েজ। এছাড়া ডালাস রুটে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৭ থেকে ১০-এ, নিউইয়র্ক ও সাও পাওলোতে ১১ থেকে ১৪-এ এবং হিউস্টনে ৩ থেকে ৫-এ উন্নীত করা হয়েছে।

এশিয়ায় হংকং রুটে সাপ্তাহিক যাত্রী ফ্লাইট ১০ থেকে বাড়িয়ে ১৪ করা হয়েছে, যেখানে ৪২টি ফ্রেইটার ফ্লাইটের মাধ্যমে প্রতি সপ্তাহে ৪,৪০০ টনের বেশি কার্গো পরিবহন সক্ষমতা রয়েছে। কাঠমান্ডু ও কুয়ালালামপুর রুটেও ফ্লাইট সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ২১ করা হয়েছে।

এছাড়া আগামী ১৬ জুলাই টোকিও হানেদা এবং ১৫ জুলাই হেলসিঙ্কি রুট পুনরায় চালু হবে। আগস্ট থেকে উভয় রুটেই দৈনিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

কাতার এয়ারওয়েজ কার্গো জানিয়েছে, তাদের সব ধরনের কার্গো পণ্য ও সেবা এসব ফ্লাইটে পাওয়া যাবে এবং ডিজিটাল লাউঞ্জ ও স্থানীয় সেলস এজেন্টদের মাধ্যমে বুকিং করা যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.