বিমানবন্দরে প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং

বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে যাতায়াত ও ভ্রমণ আরও সহজ করতে প্রবাসী কার্ডধারীদের জন্য একাধিক বিশেষ সুবিধা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের জন্য বিমানবন্দরে যাতায়াত ও ভ্রমণ আরও সহজ করতে প্রবাসী কার্ডধারীদের জন্য একাধিক বিশেষ সুবিধা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব সুবিধার মধ্যে থাকবে বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন, প্রায়োরিটি বোর্ডিং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমেই এসব সুবিধা দেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক এক অবহিতকরণ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান।

সভায় আফরোজা খানম বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের জন্য বিমানবন্দর ও বিমানসেবাকে আরও সহজ, দ্রুত এবং হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ক্রয়ে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জ ব্যবহারে প্রবাসীদের জন্য বিশেষ ডিসকাউন্ট দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য শুধু বিমানবন্দরেই নয়, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলগুলোতেও বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এছাড়া বিমানবন্দরে প্রবাসীদের জন্য প্রায়োরিটি চেক-ইন, দ্রুত বোর্ডিং এবং অন্যান্য বিশেষ সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘প্রবাসী কার্ড’ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী কার্ডের মাধ্যমে বিমানবন্দর ও বিমানসেবায় অগ্রাধিকারমূলক সুবিধা চালু হলে বিদেশফেরত ও বিদেশগামী বাংলাদেশি কর্মীদের ভ্রমণ আরও সহজ হবে। একই সঙ্গে দীর্ঘ লাইনে অপেক্ষা, হয়রানি এবং সময় অপচয় কমবে। সরকারের এই উদ্যোগ প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি দেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আধুনিক ও যাত্রীকেন্দ্রিক সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.