৩০০ ট্রাভেল এজেন্ট নিয়ে ঢাকায় টার্কিশ এয়ারলাইন্সের NDC কর্মশালা

বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর জন্য আধুনিক এয়ারলাইন বুকিং প্রযুক্তি ও নতুন ব্যবসায়িক সুযোগ তুলে ধরতে আয়োজন করা হয় বিশেষ এ কর্মশালার।

ঢাকায় ট্রাভেল এজেন্সিগুলোর জন্য নতুন প্রযুক্তিনির্ভর সেবা ও ব্যবসায়িক সুযোগ তুলে ধরতে নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (এনডিসি) প্ল্যাটফর্ম টিকে কানেক্ট (TK Connect) নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করেছে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০-এর বেশি ট্রাভেল এজেন্ট অংশ নেন।

কর্মশালাটি পরিচালনা করেন টার্কিশ এয়ারলাইন্সের এনডিসি অ্যাকাউন্ট ম্যানেজার উমুত সেরতাচ ইলমাজ। তিনি অংশগ্রহণকারীদের সামনে টিকে কানেক্ট প্ল্যাটফর্মের সর্বশেষ ফিচার, নতুন পণ্য, বুকিং সুবিধা এবং ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি প্ল্যাটফর্মটির লাইভ ডেমোনস্ট্রেশন প্রদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশে টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গ্যুরে। তিনি বলেন, বাংলাদেশের বাজার টার্কিশ এয়ারলাইন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে টার্কিশ এয়ারলাইন্সই একমাত্র সংস্থা, যা ঢাকা থেকে বিশ্বের বিস্তৃত গন্তব্য নেটওয়ার্কের সঙ্গে যাত্রীদের সংযুক্ত করছে।

তিনি আরও বলেন, ট্রাভেল এজেন্সিগুলো টার্কিশ এয়ারলাইন্সের বিক্রয় ও বিতরণ নেটওয়ার্কের অন্যতম প্রধান অংশীদার। ভবিষ্যতের এয়ারলাইন রিটেইলিং ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে টিকে কানেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রাভেল এজেন্টরা আরও সমৃদ্ধ কনটেন্ট, ব্যক্তিগতকৃত অফার, দ্রুত তথ্য হালনাগাদ এবং সহজতর বুকিং সুবিধা পাবেন।

কর্মশালায় জানানো হয়, নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি (NDC) হলো আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ (IATA)-এর তৈরি একটি XML-ভিত্তিক তথ্য আদান-প্রদানের মানদণ্ড। এর মাধ্যমে এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির মধ্যে যোগাযোগ আরও কার্যকর হয় এবং তৃতীয় পক্ষের প্রযুক্তি প্রতিষ্ঠান বা অন্যান্য সেবাদাতারাও এটি ব্যবহার করতে পারে।

টার্কিশ এয়ারলাইন্সের টিকে কানেক্ট প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের জন্য তিনটি সংযোগ পদ্ধতি—ইউজার ইন্টারফেস (UI), অ্যাগ্রিগেটর এবং ডাইরেক্ট এপিআই (Direct API)—সুবিধা প্রদান করে। ফলে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সহজে সিস্টেমটি ব্যবহার করা সম্ভব হয়।

উমুত সেরতাচ ইলমাজ জানান, চলতি বছরের ১ মে থেকে জিডিএস (GDS) এডিফ্যাক্ট (EDIFACT) চ্যানেলের মাধ্যমে করা প্রতিটি টিকিট বুকিংয়ে ৩০ মার্কিন ডলার বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ সারচার্জ আরোপ করা হয়েছে। তবে টিকে কানেক্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে টিকিট ইস্যু করলে কোনো অতিরিক্ত ফি দিতে হয় না। এতে ট্রাভেল এজেন্সিগুলো পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি আরও প্রতিযোগিতামূলক সেবা দিতে পারবে।

কর্মশালার আনুষ্ঠানিক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য নেটওয়ার্কিং লাঞ্চের আয়োজন করা হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয় একটি কুইজ প্রতিযোগিতা। এতে তিনজন সৌভাগ্যবান বিজয়ীকে পুরস্কৃত করা হয়। গ্র্যান্ড প্রাইজ বিজয়ী পান ঢাকা–ইস্তাম্বুল–ঢাকা রুটের একটি রিটার্ন বিমান টিকিট, যা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.