বাহরাইন-কুয়েতে এমিরেটসের ফ্লাইট বন্ধ, চালু এতিহাদ-কাতার

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বাহরাইন ও কুয়েত রুটে ফ্লাইট স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ এবং নিরাপত্তা উদ্বেগের কারণে বাহরাইন ও কুয়েত রুটে ফ্লাইট স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস। অন্যদিকে কয়েক সপ্তাহের বিঘ্নের পর এসব রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে এতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ।

দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এমিরেটস এর আগে ঘোষণা করেছিল যে বাহরাইন ও কুয়েতগামী ফ্লাইট অন্তত ৬ আগস্ট পর্যন্ত স্থগিত থাকবে। তবে ৯ ও ১০ আগস্টের জন্যও এমিরেটসের ফ্লাইট সূচিতে এসব গন্তব্যে কোনো ফ্লাইট দেখা যাচ্ছে না।

সংঘাত শুরুর আগে দুবাই থেকে বাহরাইনে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করত এমিরেটস। এগুলো হলো EK835, EK837 এবং EK839। একইভাবে কুয়েতে প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করত সংস্থাটি। ফ্লাইটগুলো হলো EK853, EK855, EK857 এবং EK859।

এদিকে এতিহাদ এয়ারওয়েজ আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত ও বাহরাইনে পুনরায় ফ্লাইট চালু করেছে। ৮ আগস্ট থেকে কুয়েতে প্রতিদিন একটি এবং বাহরাইনে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার সূচি দিয়েছে সংস্থাটি।

এতিহাদের EY653 ফ্লাইটটি প্রতিদিন সকাল ৮টা ২৫ মিনিটে আবুধাবি থেকে কুয়েতের উদ্দেশে ছাড়ার কথা রয়েছে। অন্যদিকে EY643 ফ্লাইটটি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে আবুধাবি থেকে বাহরাইনের উদ্দেশে যাত্রা করবে।

সংযুক্ত আরব আমিরাতের আরেকটি বিমান সংস্থা ফ্লাইদুবাই এবং এয়ার আরাবিয়াও বাহরাইন ও কুয়েত রুটে ফ্লাইট পরিচালনা করছে। তবে আঞ্চলিক পরিস্থিতির কারণে এসব সংস্থার কিছু ফ্লাইটও বাতিল হতে পারে।

অন্যদিকে কাতার এয়ারওয়েজ ৮ আগস্ট থেকে বাহরাইন, কুয়েত ও ইরবিলে দৈনিক ফ্লাইট পুনরায় চালু করেছে। সাম্প্রতিক অস্থিরতার মধ্যেও দোহা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে সংস্থাটি।

কুয়েত থেকে কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারওয়েজ দুবাই এবং আবুধাবিতে একাধিক দৈনিক ফ্লাইট পরিচালনা করছে। একইভাবে বাহরাইনের গালফ এয়ারও সংযুক্ত আরব আমিরাতের দুটি শহরে ফ্লাইট চালু রেখেছে।

তবে মধ্যপ্রাচ্যের বিমান চলাচলে অনিশ্চয়তা এখনো কাটেনি। আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ, নিরাপত্তা ঝুঁকি এবং পরিচালনাগত অনিশ্চয়তার কারণে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের সূচিতে পরিবর্তন আনছে।

ব্রিটিশ এয়ারওয়েজ দুবাই, বাহরাইন ও আম্মান রুটে ফ্লাইট পুনরায় চালুর সময় ২৫ অক্টোবর পর্যন্ত পিছিয়েছে। কেএলএম ইরান, ইরাক, ইসরায়েল ও পারস্য উপসাগরের কিছু অংশের আকাশসীমা এড়িয়ে চলায় দুবাই, রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ২৩ আগস্ট পর্যন্ত স্থগিত রেখেছে।

এ ছাড়া লুফথানসা, সুইস ও এয়ার ফ্রান্সসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থাও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে তাদের ফ্লাইট সূচি পরিবর্তন করেছে। নিরাপত্তা পরিস্থিতি ও আকাশসীমার অবস্থার ওপর নির্ভর করেই এসব রুটে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN