এমিরেটসের ফ্লাইট বন্ধের দাবি উগান্ডায়

উগান্ডার নাগরিকদের ওপর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ইবোলা-সংক্রান্ত ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটিতে এমিরেটসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে।

উগান্ডার নাগরিকদের ওপর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ইবোলা-সংক্রান্ত ভ্রমণ বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত দেশটিতে এমিরেটসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে। উগান্ডার পর্যটন খাতের ব্যবসায়ীরা সরকারের কাছে এই পাল্টা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

দেশটির পর্যটন খাতের সংশ্লিষ্টরা বলছেন, উগান্ডা সরকার ২৮ জুলাই দেশকে ইবোলামুক্ত ঘোষণা করেছে। এরপরও সংযুক্ত আরব আমিরাত উগান্ডার নাগরিকদের জন্য বিভিন্ন প্রবেশ ও ভিসা-সংক্রান্ত বিধিনিষেধ বহাল রেখেছে। অন্যদিকে এমিরেটস নিয়মিত উগান্ডায় ফ্লাইট পরিচালনা করছে। এই পরিস্থিতিকে বৈষম্যমূলক হিসেবে দেখছেন দেশটির পর্যটন ব্যবসায়ীরা।

উগান্ডার পর্যটন উদ্যোক্তা আমোস ওয়েকেসা সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, উগান্ডার নাগরিকদের দুবাইয়ে প্রবেশে বাধা থাকলে এমিরেটস কেন উগান্ডায় ফ্লাইট পরিচালনা করবে।

তিনি বলেন, উগান্ডা সরকারের উচিত সংযুক্ত আরব আমিরাতকে স্পষ্টভাবে জানানো—উগান্ডার নাগরিকদের দুবাইয়ে প্রবেশের সুযোগ না দেওয়া পর্যন্ত এমিরেটসের উগান্ডাগামী ফ্লাইট বন্ধ থাকবে।

বর্তমানে এমিরেটস উগান্ডার এনটেবে আন্তর্জাতিক বিমানবন্দর ও দুবাইয়ের মধ্যে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে। ফলে প্রস্তাবিত নিষেধাজ্ঞা কার্যকর হলে দুই দেশের বিমান যোগাযোগে সরাসরি প্রভাব পড়তে পারে।

গত ৬ জুন সংযুক্ত আরব আমিরাত ইবোলা সংক্রমণের প্রেক্ষাপটে উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ও দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত করে। একই সঙ্গে এসব দেশ থেকে আসা যাত্রীদের প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে যেসব ভ্রমণকারী সংশ্লিষ্ট তিন দেশের বাইরে টানা ২১ দিনের বেশি সময় অবস্থান করেছেন, তারা অন্যান্য অভিবাসন শর্ত পূরণ সাপেক্ষে ইউএইতে প্রবেশ করতে পারেন।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ জুলাই দেশটিতে ইবোলা সংক্রমণের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে এবং প্রয়োজনীয় সময় কোনো নতুন সংক্রমণ না থাকায় দেশটি আনুষ্ঠানিকভাবে ইবোলামুক্ত হয়েছে।

তবে শুধু ইউএই নয়, আরও কয়েকটি দেশ উগান্ডার সঙ্গে সম্পর্কিত ভ্রমণকারীদের জন্য ইবোলা-সংক্রান্ত বিধিনিষেধ বা অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত রেখেছে। কানাডার অস্থায়ী বিধিনিষেধ ২৯ আগস্ট পর্যন্ত বহাল থাকার কথা রয়েছে। সৌদি আরবও উগান্ডা, ডিআরসি ও দক্ষিণ সুদান থেকে আসা ভ্রমণকারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ রেখেছে। যুক্তরাষ্ট্রও সাম্প্রতিক সময়ে এসব দেশ ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষা ও প্রবেশ-সংক্রান্ত নিয়ন্ত্রণ চালু রেখেছে।

উগান্ডার পর্যটন ও ব্যবসায়ী মহল বলছে, এসব বিধিনিষেধ আন্তর্জাতিক যাতায়াত, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। দেশটি ইবোলামুক্ত ঘোষণার পর দ্রুত এসব বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.