ঘুড়ির কারণে তান সন নাত বিমানবন্দরে ফ্লাইট বন্ধ
ভিয়েতনামের হো চি মিন সিটির তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মাত্র তিনটি ঘুড়ির কারণে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে।
ভিয়েতনামের হো চি মিন সিটির তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মাত্র তিনটি ঘুড়ির কারণে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। এ ঘটনায় মোট ২১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। ঘটনাটি বিমানবন্দরের আকাশসীমায় অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত উড়ন্ত বস্তু শনাক্ত ও দ্রুত মোকাবিলায় উন্নত প্রযুক্তির প্রয়োজনীয়তা আবারও সামনে এনেছে।
ঘটনাটি ঘটে ১৩ আগস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে। দক্ষিণাঞ্চলীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থার এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটগুলো থাম লুয়ং এলাকায় একটি উড়ন্ত বস্তুর উপস্থিতির তথ্য পায়। প্রথমে বস্তুটিকে সম্ভাব্য ড্রোন বলে সন্দেহ করা হলেও তখন এর সঠিক অবস্থান ও উচ্চতা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
তথ্য পাওয়ার পর তান সন নাত বিমানবন্দরের অ্যাপ্রোচ কন্ট্রোল সেন্টার দ্রুত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে। একই সঙ্গে ওই এলাকায় থাকা ফ্লাইটের ক্রুদের কাছ থেকেও পরিস্থিতি যাচাই করা হয়। বিমান চলাচলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আকাশসীমার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
রাত প্রায় ৮টা ২ মিনিটে উড়ন্ত বস্তুটির বিষয়ে নতুন তথ্য পাওয়ার পর কর্তৃপক্ষ আশঙ্কা করে, এটি বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এরপর নিরাপত্তার স্বার্থে তান সন নাত বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় আকাশে থাকা আগত বিমানগুলোকে হোল্ডিং প্যাটার্নে রাখা হয় এবং উড্ডয়নের জন্য প্রস্তুত বিমানগুলোকে সাময়িকভাবে মাটিতে আটকে রাখা হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষ বিমানবন্দর, ডিউটি অফিসার ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করে।
প্রায় ৮টা ১৬ মিনিটে বিমান চলাচল পুনরায় চালুর অনুমতি পাওয়ার পর তান সন নাত বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্বাভাবিক করা হয়। তবে উড়ন্ত বস্তু শনাক্ত হওয়ার সময় মোট ২১টি ফ্লাইট কোনো না কোনোভাবে প্রভাবিত হয়।
পরে রাত ৮টা ৩৪ মিনিটে কর্তৃপক্ষ নিশ্চিত করে, সন্দেহজনক বস্তুগুলো আসলে আলো লাগানো তিনটি ঘুড়ি। স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
ভিয়েতনাম এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (VATM) জানিয়েছে, অজ্ঞাত কোনো উড়ন্ত বস্তু বিমান চলাচলে সম্ভাব্য ঝুঁকি তৈরি করলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। প্রয়োজন হলে বিমানকে আকাশে চক্কর দেওয়া, মাটিতে আটকে রাখা কিংবা সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখাও নিরাপত্তার অংশ।
এর আগে ১১ আগস্ট তান সন নাত বিমানবন্দরের কাছে অবৈধ ড্রোন শনাক্ত হওয়ায় দুই দফা বিমান চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ড্রোন শনাক্তকরণ ও মোকাবিলায় বিশেষায়িত প্রযুক্তির ঘাটতি রয়েছে এবং অনেক ক্ষেত্রে ম্যানুয়াল পর্যবেক্ষণের ওপর নির্ভর করতে হচ্ছে।