রোম বিপর্যয়ে বিমানের জনসংযোগ কর্মকর্তা অব্যাহতি
রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিপর্যয় এবং সংকটকালীন তথ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগের মধ্যে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।
রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিপর্যয় এবং সংকটকালীন তথ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগের মধ্যে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম) ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (এমডি ও সিইও) দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। নতুন দায়িত্ব হিসেবে করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।
বিমানের পার্সোনেল শাখার ব্যবস্থাপক উম্মে কুলসুম স্বাক্ষরিত অফিস আদেশে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, গণমাধ্যমে সময়মতো ও সঠিক তথ্য সরবরাহে গাফিলতি এবং সংকটকালীন তথ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG306 ফ্লাইটে ঘটে যাওয়া ঘটনায় জনসংযোগ বিভাগের ভূমিকা নিয়ে সমালোচনা তৈরি হয়। গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ২৫৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি যাত্রা করে। যাত্রাপথে ইতালির রোমে জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়।
প্রায় আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি সমাধান করা সম্ভব না হওয়ায় বিমানটি রোমে গ্রাউন্ডেড করা হয়। এতে দীর্ঘ সময় ধরে যাত্রীদের বিমানবন্দরে অবস্থান করতে হয় এবং ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায়। ফলে তাদের জন্য হোটেল ব্যবস্থা করা সম্ভব হয়নি। অনেক যাত্রীকে বিমানবন্দরের লাউঞ্জ ও অন্যান্য স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। বিশেষ করে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে আসে।
ঘটনার সময় যাত্রীদের পরিস্থিতি, ফ্লাইটের কারিগরি সমস্যা এবং বিমান মেরামতের অগ্রগতি নিয়ে গণমাধ্যমে তথ্য সরবরাহের ক্ষেত্রে জনসংযোগ বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ পর্যায়ে তদন্ত শুরু হয়।
এদিকে শুধু রোমের ঘটনা নয়, জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন তদন্তের তথ্য গোপনের চেষ্টা এবং প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। তাঁর নিয়োগ প্রক্রিয়া ও বিভিন্ন অনিয়ম নিয়েও অতীতে প্রশ্ন উঠেছিল বলে জানা গেছে।
তবে এসব অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে রোমের ফ্লাইট বিপর্যয়ের পর সংকট ব্যবস্থাপনা ও তথ্য সরবরাহে জবাবদিহি নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী সময়ে আরও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।